Friday, 1 May 2026

মূল্যবান মূল্য শিক্ষা

 

আঁকা শেখার ইচ্ছাপূরণ আমার হয়নি। সুযোগ ছিল না । মায়ের গান শেখার ইচ্ছা মা পূর্ণ করেছিলেন আমাকে গান শিখিয়ে। এক সময় মেনে নিয়েছিলাম। তবে স্টেজ ফ্রি কোনকালেই ছিলাম না তাই খুব পরিচিত জন ছাড়া সঠিকভাবে গান পরিবেশন করতে পারিনি কোনদিন।
পুপেকে গান আর আঁকা দুদিকেই ভর্তি করে চেষ্টা চালাচ্ছি ... দুটি বিষয় শিখছে অনেকদিন । সাধনা ব্যাপারটা ওর ঠিকঠাক নেই , ও ওর মতন । খানিকটা ঠেলে দিতে হয় তবেই হাল ধরে।
পিছনে পড়ে বকুনি দিলে দেখেছি আরো খোলসে ঢুকে যায়। সব সময় না বললেও , পুরো ছেড়ে দিতে পারি না , একবার রাগ করে ছাড়ান দিই , আবার টেনে ধরি। এই ধরা ছাড়ার মাঝে হঠাৎই দেখছি একটু যেন ভিন্নতা । পরিবর্তন হয়ত খুব অল্প, কিন্তু মায়ের দৃষ্টিতে ধরা পড়ে বৈকি !!! যদিও আমার পরিচিত অনেকের মতে "তুমি খালি ওর ত্রুটি গুলো দেখো !!! "ভুল ত্রুটি তো দেখাতেই হবে ।
ওর দুই বান্ধবীর মায়েদের দ্বারা উৎসাহিত হয়ে , একটু ভিন্ন ভাবে বছর দুয়েক আগে ওকে  সুন্দর করে কার্ড বানিয়ে নিজে উপার্জনের পথ খুলে দিয়েছিলাম।  আমাদের পরিচিত কারোর জন্য কার্ড বানিয়ে দিলে বিনিময়ে আমি অল্প কিছু ওকে দেব। যা গচ্ছিত থাকবে আমার কাছে। টাকা ছোটদের হাতে দেওয়ার পক্ষপাতি আমি নই। 
কিন্তুক কিছুদিন পরে দেখি আইডিয়া ফেল ... ঠেলে ঠেলে ক্লান্ত আমি ক্ষ্যামা দিলাম। জমল ওর খাতে অল্প কিছু , রইল আমার কাছেই গচ্ছিত। পাড়াতুত মন্দিরা বৌদি বললে ... তোমার মেয়ে টাকার মূল্য বোঝার মতন পরিণত নয়।  আর তুমি যাই বলো ও অনেকটাই ছোট।
এ বছর খানিক পরিণত হল বোধহয়।  হঠাৎই আমার এক সহকর্মীর জন্মদিনে নিজেই কার্ড এঁকে দিল। আমার ঠেলা না খেয়েই।  আনন্দ চেপে পুরো বিষয় আবার জানালাম । এবারে উৎসাহের আতিসহ্যে আমি পাগল !!! " মা আর কার কার জন্মদিন বলো বলো !!! "
একখান হিসেব লেখার খাতা বানাতে বলার সাথে সাথেই তা প্রস্তুত আর ঝপাঝপ হিসেব লেখা হচ্ছে। টাকা জমছে আমার কাছে 😊 যদিও মোটে ২০/- কার্ড পিছু,  আগের আর এবারের মিলিয়ে ২৫০/- এর কাছাকাছি !!!
Mother's Day কার্ড বানিয়েও টাকা চেয়েছিল সোনামণি !!!! 🤪

No comments:

Post a Comment