" শরীরের নাম মহাশয় , যা সওয়াবে তাই সয় " ... কিন্তুক সব কি সওয়ানো সম্ভব? না বোধহয় । যা সইবে তাকেই আপন করা দস্তুর।
কথা হলো গিয়ে এখন কি সইতে নারি ?? গত পরশু একখান জবরদস্ত গুঁতো খেয়েছি ... তার যাতনা নিয়েই এই তাত্ত্বিক ভাব মনে জেগেছে। তবে কিনা সইব না বললে আর শুনছে কে ? যাতনা একদম শরীরে ভিতর থেকে জানান দিচ্ছে ... ম্যায় হু না !!! বাংলাতেও বলছে .... আমি আছি 🎼🎼শুধু তোমারই তো আছি।
জব্বর গুঁতো র উৎস নেহাতই নিরীহ আমাদের ঘরের খাট । নির্জীব, নিরাপদ ... আমার দিনের শেষের আশ্রয় । তার কোণায় যে এমন আপদ বালাই ছিল কে জানত ?? পায়ের আঙুলে গুঁতো আগেও খেয়েছি .... আর এ খুব কমন সিলেভাস । এই গুঁতো আমার মতন অনেকেই খেয়েছেন .... যারেই কই সেই কয় ... very common ... কিন্তুক আমার ক্ষেত্রে একদম শমন নিয়ে এলো 😔।
মা , আগেকার দিনের মানুষ ছিলেন। মায়ের সুন্দরের বর্ণনা তে এখনকার কিটো ডায়েটকারী নেহাতই যাচ্ছেতাই রূপে ধরা দিত। মা বলতেন একটুখানি গায়ে পায়ে গত্তি না লাগলে কি ভাল দেখায় ? কি সব খ্যাংরা কাঠি তোদের ভাল লাগে ???? কথা হল আমি নিজে ওমন কাঠি কোনকালেই ছিলাম না। আর এখন তো মায়ের মনের মতন গোলু হয়েছি , তবে আমার পদ যুগল যারপরনাই শ্রীহীন। খাট বাবা জী র হাতযশে ডান পা খান বেশ শ্রীযুক্ত হয়েছে , কারণ গুঁতোর গুণে পায়ের একখান আঙ্গুল (সহ পায়ের পাতা )ফুলে কলাগাছ .... একখান হাড় মটকেছে। ঘাড় নয়কো। তাহলে আর লেখার ক্ষেমতা থাকতো না বটে !!! 🤣তবে মায়ের বর্ণনা মোতাবেক আহত পা খান বেশ শ্রীযুক্তা হয়েছেন বটে। মন ভরে দেখছি যখন , তখনই আমিও আছি বলে ধ্বনিত হচ্ছে যাতনা ...
এদিকে সুন্দর পায়ের গল্প বলতে গেলে মেয়ে - বাবা দুজনেই আগুন দৃষ্টি হানছেন !!! কোনো কাণ্ড জ্ঞান নেই গো !!! পায়ের যাতনা , মনের যাতনা ... 🤫
পূজোর সময় থেকেই পা বিরোধিতা করছে , তবে তাদের দোষ দিয়ে লাভ নাইকো ... সারা বছর হাল্কা কাজ করিয়ে পূজোর কদিন ওভারটাইম করালে সে বেচারী যুগল কি করে ???
এ দিকের নতুন গোলমালে হাড়ের ডাক্তার বাবু পায়ের ওপর পা তুলে থাকার নির্দেশ জারি করেছেন ... তাতে এদিকের দুজনার মাথায় হাত 😃 আপাতত বালিশের ওপর পা খান তুলে রেখেছি .... ক'দিন পদসেবা করি কেমন ?? নিজের পদসেবা .... একদম out of syllabus 🤧😔
@শুচিস্মিতা ভদ্র
No comments:
Post a Comment