PTM শব্দের সাথে পরিচয় আমাদের সকলের । তবে পরিচয়ের মাধ্যম যথারীতি আমার কন্যা রত্ন । কারণ আমাদের সময়ে নির্ভেজাল বাংলা মাধ্যম স্কুলে ওসব ছিল না , অন্য মাধ্যম, অন্য বোর্ডের গল্প গাঁথা আমার জানা নেই । হয়তো তাদের ছিল , হয়তো ছিল না ... বলতে পারব না ।
তবে হ্যাঁ guardian call নামক একখান ব্যপার ছিল , তবে সে কচ্চিত কদাচিত খুব গর্হিত কিছু অপরাধে কোটিকে গুটিকের হোতো । সে ব্যাপারেও এত চুপচাপ ফুলে ছাপ টাইপ লুকোচুরি থাকত , সকলে জানতেও পারতাম না ।
কিছু বছর আগে থেকে বাজার গরম করে PTM এর অবতারণ হল আমার জীবনে । দু রকমের PTM হয় , আমার আসন পাকাপোক্ত। ভয়ে ভয়ে যাই , কোনবার কর্তা মশাই সাথে , কোনবার একা । তবে যুগলেই যেতে চাই ... কারণ কথা থুড়ি বকুনির ভার একা বওয়া বেশ চাপের !!!
অভিযোগ শুনে আসি ... common item ... অমনোযোগী , ভয়ানক কথা বলে , তার ফাঁক গলে পড়ার বিষয় ফুরুৎ হয়ে যাচ্ছে 🤔
Play school এ PTM এর পাট ছিল না , ভাগ্যিস !!! কিন্তু তাতে কি ? একদিন শুনলাম ( যিনি ওকে স্কুলে নিয়ে যেতেন , তার কাছে ) ... " বৌদি , আপনাকে ওদের আন্টি যেতে বলেছেন "। গেলাম ... নির্ভয়েই গেলাম, ছোট্ট স্কুল, আন্টিরা খুবই আন্তরিক । মিলি আন্টি বেরিয়ে এসে যা শোনালেন চক্ষুচড়কগাছ 🙄
আপনার মেয়ে একে ওকে কামড়ে দিচ্ছে 😶। অভিনব অভিযোগ হজম করতে খানিক সময় গেল .... আমি কুকুর বেড়াল ভালবাসি , তা নিয়ে বিস্তর ঠাট্টা তামাশা হয়ে থাকে , তেনারা কামড়া কামড়িও করে থাকেন ( আমি যদিও একবার ই কামড় খেয়েছি , তাও কুখ্যাত এক পাগল বেড়ালের , সে গল্প তোমরা অনেকেই জানো , এখানেই লিপিবদ্ধ করেছিলাম ) তা বলে আমার গেঁড়িও কামড়ে দেবে ??
এ হলো গে শুরুয়াত .... বড় স্কুলে ভর্তির পর প্রতি বছরই একই রকম শুনি , ওই থোড় , বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর । তবে মধ্যে মধ্যে মশলাদার চটপটা কিছু থাকেই ... nursery ii , class teacher আতঙ্কিত মুখে একদিন বললেন ... আপনার মেয়ে 1লিখতে পারছে না , ভাবুন !!! সত্যিই ভাবনার কথা । 1 না লিখে অন্য গুলো লিখে ফেললে মুশকিল...একমেবদ্বিতীয়ং এক যদি না পারে লিখতে" 1" এর মান সম্মান থাকে ? বাড়ি এসে কাচুমাচু মুখে নিবেদন করলাম কমল মিত্র ( কিছু ক্ষেত্রে) সম পিতাজির কাছে .... উত্তর এল তুরন্ত ... " 1 কে না শিখেছে , দেখাও দেখি , ও শিখবে , অন্য গুলো আগে শিখে এগিয়েই আছে , ওটা একটু পিছিয়ে শিখে নেবে ।" ভেবে দেখলাম আমি স্কুলের ড্রিল বা যোগ ব্যায়ামে আণ্ডা গোল ছিলাম , একবার ফেলও করেছিলাম ... গার্জেন কলও হয়েছিল । ক্লাসটীচার মধুমিতাদি বলেছিলেন ... শেষে পিটিতে ডিগবাজি খেলি 🤭 ... তো সেই ব্যায়ামে ফরওয়ার্ড রোল আর ব্যাকওয়ার্ডরোলের মধ্যে দ্বিতীয়টি আগে শিখেছিলাম এবং সেটা পারতামও । প্রথমটা পারতাম না ... তো পুপেরও তাই এমন ধারা হয়তো । তবে পরে সে 1ও শিখল ... সময় নিয়ে , আমি কিন্তুক ফরওয়ার্ড রোল পারলামই না কোনদিন । একবার nursery ii এর আন্টি বললেন ... " আপনার মেয়েকে কম কথা বলা বাচ্চাদের পাশে বসালেও কিছু হচ্ছে না । উল্টে তারাও বকম বকম শুরু করে আমাদের আরো মুশকিলে ফেলে দিচ্ছে " 🙄
একবার শুনলাম মেয়ে নাকি স্কুলে আন্টির পাশে আসীন হচ্ছে । আসলে ওদের স্কুলে নাকি আন্টির পাশের চেয়ারে খুব দুষ্টু বাচ্চাদের বসানো হয় । আমার কন্যার কথামালাই তার টি আর পি ... খুব কথা বলার দরুণ ওই চেয়ারে বসার সুযোগ ঘটেছিল তার । সেটা যে একটা ছোট্ট , মিষ্টি punishment তা সে বোঝেনি । আন্টির পাশে বসার সম্মানে তার পা মাটিতে পড়ছিল না ... হু হু সবার কি ওমন naughty chair এ বসার সুযোগ ঘটেছে ?? বাড়ি ফিরে সারা পাড়ার লোক প্রায় জড়ো করে সে তার সেই সম্মানীয় আসনের কথা জানিয়েছিল !!!
এভাবেই একে একে ওরা এগিয়ে চলেছে , গতকাল ছিল এবারের PTM ... বুঝলাম মেয়ে আমার বড় হচ্ছে , সেই সব মজার মজার দুষ্টুমী কমছে । অবাক হয়ে শুনলাম, ওনারা বলছেন ... ও ক্লাসে মন দেয় । তবে আরো অভ্যাস জরুরি । ভয়ানক কথারা স্কুলের ক্লাস চলাকালীন মনের ভিতরেই গজ গজ করে তবে , যারা বাড়িতে আমাদের কাছে , বন্ধুদের কাছে ( সময় বুঝে ) আঁছড়ে পড়ে । কথামালার পাহাড় তো !!!
তবে একটা বিষয় বলতে হবেই , প্রতিবছর( এ বছর আপাতত রেহাই)প্রথমে ক্লাস টীচারের যে অভিযোগ গুলো মিসাইলের মতন ধেয়ে আসে , বছর শেষে সে গুলো আসে ঠিকই, তবে ধেয়ে না ... শ্লথ গতি বেয়ে । আর আমাদের উপাসনা তখন আন্টিকে ম্যানেজ করে আন্টির good book এ । নম্বরের হেরফের হওয়ার কথাও নয় , হয়ও না , কিন্তু আন্টিদের থেকে ভালবাসা আদায় তখন হয়ে গেছে । এমন ভালবাসা যেন ঝুলিতে ভরতেই থাকে । বাকিটা যেমন করছে , তার থেকে আরো একটু যাতে এগিয়ে যায় , তার চেষ্টার হাল তো ধরে আছি , থাকবও ।
No comments:
Post a Comment