Friday, 1 May 2026

এরে কয় ক্রিয়েটিভিটি

 

পুপের কথা লিখতে বলেছিল , পুপের স্কুলের  বন্ধু আয়ুস্মিতার মা , বীথি , ওর টুকটাক গল্প লিখেই ফেলি মাঝে মাঝে ... সে কিছু না কিছু  ঘটনার ঘনঘটা ঘটিয়ে থাকে প্রায়শই। সেভাবে ভেবে চিন্তে লেখা হয়নি কখনো । একই কথা বলেছিল আমার সহকর্মী শান্তনু দা ... " শুচিস্মিতা , তুমি , মেয়ের যা যা গল্প শোনালে , ফেলে না রেখে লিখে ফেলো , পরে পড়বে আর মজা পাবে "   সত্যিই তাই ... ছোট তো চিরকাল থাকবে না , মজার গল্পও কমবে , সবার কাছে বলার গল্প তখন বদলে যাবে , বড়বেলার গল্প তো এক ঘেয়েমী বোঝাই। সেই থোড়- বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড় ।
স্কুলের পি.টি.এম ... এই অনুষ্ঠানে আমার শুরু থেকেই আসন পাকাপোক্ত।  সাধারণ ও অসাধারণ দুই বারেই পাত পেড়ে কন্যার সুখ্যাত ( ব্যাঙ্গার্থ ) ভোজন করে ফিরি ।
প্রথম দিকে দেবাদেবী দুজনেই বিপদ ফেস করতে যেতাম,  ক্লাস ওয়ান থেকে পিতাজী আমাকে ফেস করার ট্রেনিং দিতে বদ্ধপরিকর হলেন 😑🤨 সোজা কথা হল ... আপনার কন্যাটি একটি রত্ন বিশেষ , এমনটি দেখা যায় না ... এমন যদি সত্য হতো , তিনি যেতেন এবং গর্বিত পিতা হিসেবে হাসি মুখে সুখ্যাত শুনতেন , ভালই লাগে , আমার মেয়ে কি ভাল !!! শুনতে কি শিহরণ জাগে না ??? কিন্তুক ..... গল্প তো ভিন্ন...কাজেই এখানে ভদ্রলোকের এক কথা ... তোমার( আমাদের নয় কিন্তু) মেয়ের গুণাগুণ শুনতে কাজ ফেলে যেতে পারুম না 🙄
তো এখন আমি একাই হাজিরা দিই ...
গত দুবছরে হল virtual PTM , প্রতিবারই যেমন যেমন শুনি , গুনে গেঁথে দেখলাম , একই মোটামুটি , তবে একটা বিষয় নতুন ভাবে এল .... " আপনার মেয়ের creativity নেই , writing skill টা বাড়াতে হবে ।" class teacher সহ , English teacher আর In charge Aunty এক বাক্যে সহমত ... creativity বাড়াতে হবে ।
আমি হাতড়াচ্ছি , মেয়ে আমার সবে ক্লাস থ্রি !!! এখন যদি ওসব দেখায় পরে কি দেখাবে ??
পরের মিসাইল ধেয়ে এল ... " ওর creativity বাড়ানোর জন্য কি করছেন আপনি ?"
ভাবছি , এঁরা কি বলছেন ?? সবে টু পেরিয়ে থ্রি , আমার মেয়ের দুষ্টু বুদ্ধি আছে জানি , কিন্তু পড়াশোনা দিকে মন খুবই কম ( যেটা স্বাভাবিক এই বয়সে ) , অসাধারণ মেধার অধিকারী সে নয় । আর এখন কি কি করাবো , যাতে ওসব ফলন্ত গাছের মতন তরতরিয়ে বাড়বে !!!
শুনলাম টপিক বেছে তাকে লিখতে দিতে হবে নিজের মতন .... আমি নিজেও একজন শিক্ষিকা , আমার ধারণা ছিল , সময়ের হাত ধরে কিছু বিষয় আয়ত্বে আসে আর প্রতিভার ক্ষেত্রেও তাকে বিকশিত হওয়ার সময় দিতে হয় । আর সবার সব প্রতিভা থাকেও না ।কি জানি ...
বাড়িতে টপিক দিয়ে ডাইরী ধরিয়ে দিলাম,  পরে ছোট টপিক শুনে এক স্কুল শিক্ষিকা বলেছেন ওমন টপিক ক্লাস ওয়ানে চলে , আমি সত্যিই হাল ছেড়ে দিয়েছি তারপর । মাঝে মাঝে যেমন মনে হয় , লিখতে বলি , রোজের মধ্যে আমার কন্যাকে বাঁধা যাবে না , যদি না সে নিজে মনে করে । কিছু ক্ষেত্রে জোর করতেই হয় , নিরুপায় !!
   যাক , যে গল্প শুরু করেছি , তাতেই এগিয়ে যাই .... টপিক নিয়ে লেখার আগেই তা নিয়ে অঙ্কন শুরু হল .... " একি ? লিখতে দিলাম,  তুই আঁকছিস ?" ... হাত তুলে আস্বস্ত করল ... আঁকার নিচে লেখনী .... আরিব্বাস !!! আমি ক্লীন বোল্ড । কে বলে আমার মেয়ের creativity নেই !!!!
গল্প সবে শুরু .... দিন যায় , রাত যায় , ছবির আকার বাড়ে , লেখা অল্প অল্প করে আকারে ছোট হতে থাকে .... নজরে আসলেও এড়িয়ে যাই । একদিন পাতা জোড়া প্রিয় কার্টুন চরিত্র,  নীচে লেখা চার লাইন 😱😱😱😱😱😱
সেদিন একদম catch caught caught .... " বলি হ্যাঁ রে !! লেখা কমছে আর ছবি বড় হচ্ছে ?? চার লাইন লেখা ??? আমি কি বোকা ??? দিচ্ছিস ধোকা ???" মুখে দুষ্টুমি ভরা হাসি !!! কি করব !!
এবার তোমরাই বলো ....

Sunday, 26 April 2026

ভাঙনের পথে

 

আমার অন্যতম প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। তাঁর লেখা একটি উপন্যাস নাকি গল্প হল " ভাঙনকাল " । গল্প টা বোধহয় পড়া হয়নি তবে নানারকম ভাঙনে আমি বিগত কিছুদিন যারপরনাই বিরক্ত .... তিতিবিরক্ত !!!!
বিগত বছরের শেষতম মাসের প্রথম দিনে পা ভেঙে কুপোকাত হলাম । literally পায়ের ওপর পা তুলে দিন যাপন করার পর কলেজে যোগ দিলাম। আমি বুঝেছিলাম পায়ের ছোট আঙুল ভেঙেছে অর্থাৎ  ছোটখাট ব্যাপার , ভয় ধরল , যখন কর্তামশাই এর জুনিয়র অর্থোপেডিক চিকিৎসক বললেন .... " বিশ্রাম না নিলে বিপদে পড়বেন বৌদি " ... জয়েনিং এর চিঠির বয়ান আর হাড়ের ডাক্তারের লেখাজোখা চোখে দেখে আমার এক সহকর্মী বললে ... তোমার কিন্তুক মেটাটারসল বোন ভেঙেছে 😳। মেটাফিজিক্স টা কিছু জানি যেহেতু আমি দর্শনের ছাত্রী। কিন্তুক  তা বলে "মেটা" যুক্ত মেটাটরসলবোন জানতে বয়ৈ গেছে !! সব মেটা র ডেটা কি জানা সম্ভব  ??? জানলাম খানিক বাধ্য হয়ে .... সেখান নাকি ছোট্ট আঙ্গুল ভাঙার মতন ছোটখাট ঘটনা নয় 🤔।
আমি  চিকিৎসক ঘরণী হতে পারি , চিকিৎসক তো নই , বোন যেমন ই হোক সে তো বোন ই (bone ) ভাই নয়কো !!!! অতো কি বুঝি ???
যাক সে সব খানিক হামলে পরে সামলেছি কি না সামলেছি কাশতে কাশতে কাশিবাসি হলাম ... বিনিদ্র রজনী কাটিয়ে এখন ভাঙন ধরেছে গলায় । খোলতাই গলায় কথা কইছি। গলার ভাঙন চলতে চলতে দন্তশূলও ভাঙনের দিকে turn নিচ্ছে কিনা বোঝার চেষ্টা করছি .... বছর খান নেহাতই গোলোযোগের মধ্যেই শুরু করলাম .... গোলোযোগের বিয়োগ করে ফেলতে হবে ....
তুমি কোন ভাঙনের পথে এলে 🎵🎵🎵🎵

Saturday, 25 April 2026

দন্তশূল একটি আপদ বিশেষ

 

" দাঁত থাকতে দাঁতের মর্ম ...." এই সব প্রবচন শুনতে শুনতে জীবনের পথ কে না চলেছে ? কিন্তু সব প্রবচন মরমে পশে তখন‌ ই যখন যাতনা অঙ্গ জুড়ে হাজিরা দেয়। মা বলতেন , তোর কবে আক্কেল হবে ? হাফ সেঞ্চুরির কাছাকাছি এসে সব আক্কেল প্রকাশিত হল। প্রথম দেখা দিয়েছিল নতুন সম্পর্কে আবদ্ধ হ‌ওয়া র বছর চারেক কি পাঁচেক পরে। কন্যার আগমন তখন‌ ও ঢের দূরে।
বিয়ের পর কার না আক্কেল হয়েছে ? ওই বিয়ে নামক প্রতিষ্ঠান আক্কেল দানকারী হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত। আমার‌ ও হল। Maxillofacial surgeon যখন আক্কেল মুক্ত করলেন , চাপ তেমন বোধ করি নি। শিশু মঙ্গলের আউটডোরে দন্ত বিশারদ চিকিৎসকের সামনে চক্ষু মুদে হাঁ করলাম ‌...  মুখখানা শুধু অবশ হল , আক্কেল গেল । বাকি আক্কেল তখন গুপ্ত স্থানে আসীন। আমিও সখার হাত ধরে আইসক্রিম খেয়ে ও সাথে বার আইসক্রিম নিয়ে ঘরে ফিরে এলাম। No চাপ at all !!!
বছর গড়িয়ে চললো , আবার নানান দাঁতে দন্তশূল । চিকিৎসা চলা কালীন বছর ৩/৪ আগে আক্কেল গুড়ুম। আক্কেল যে একের অধিক তাই তো ছাই জানতাম না। নিশ্চিন্ত ছিলাম যে সে তো তুলে ফেলে দিয়েছি !!! পর পর ধাক্কা। জানলাম হাতে থুড়ি মুখে আরও তিন উঁকি দিয়েছে। কি সব্বোনাস !!! একে রামে রক্ষে নেই তায় তার তিন দোসর 🥹 ।
একখানা র অবস্থান এমন তাকে মাড়ি কেটে বের করতে হতে পারে , জানিয়ে আপাত সমস্যা মুক্তি র আনন্দ দান করলেন দন্ত বিশারদ। এমন আনন্দ বিগত বছর গুলিতে পেয়ে পেয়ে শেষমেষ গত কয়েক মাস মুখ জুড়ে নিরানন্দ। আমার Dentist পাঠালেন আরেক‌ maxillofacial surgeon এর দরবারে। তিনি একাধারে তিন এর উৎপাটনের বার্তা দিলেন। কি কান্ড? ছিল এক , দিনের সাথে সাথে একখান করে বেড়ে এ কি হতে চলেছে। এমনি হতে থাকলে তো সপ্তাহান্তে সব ফর্সা হয়ে যাবে। ভরসা পুরো শেষ প্রান্তে !!! চিকিৎসক যতোই সুদর্শন হোন না কেন, তার আশাজনক বাক্যে আমার আশংকা কম হ‌ওয়ার বদলে বেড়েই চলতে শুরু করল । তেনাকে , আমার কর্তা মশাইকে বলতে শুনলাম  ... " বুঝলে দাদা , এক সীটিং এ বৌদির কথা সব গোলমেলে দাঁত তুলে ফেলাই ভালো। কি বলো ? "
বিশেষজ্ঞ বোঝাই হয়ে বোঝালেন যে আক্কেল বেআক্কেলের মতন চাপ দিয়ে ৭ নম্বর দন্তকে দুরমুশ করে দিয়েছে আর উপরে আরেক আক্কেল মাথা চাড়া দিয়ে কাকে দুরমুশ করবে তার হিসাব কষছে। কাজেই আমি যদি থাকি রাজি ; উঁকি মারা আক্কেলকে ও উৎপাটন করা হবে এক সাথে। রাজি হলাম !!!
সেই মতন পরীক্ষা নিরীক্ষা করে অজ্ঞান হতে প্রস্তুত হলাম। ঘরের ডাক্তারের তো হাল বেহাল। যদিও সে ওমন ভাব গুপ্ত রাখে। 
অজ্ঞান হ‌ওয়ার আগে চ্যানেল করে ড্রিপ দেওয়া দস্তুর। ওজনের বহরে চর্বি ভেদ করতে সিস্টার দিদি আকুল আর খোঁচা খুঁচির রক্তপাত দেখে আমাদের ঘরের ডাক্তার ব্যাকুল।
অজ্ঞান হয়ে থাকার জন্য নাকি top-up dose দেওয়া হয় , তা দেওয়া হয় কখনো নাকে টিউব পরিয়ে , কখনো মুখে টিউব ঢুকিয়ে। আক্কেল রা যেহেতু মুখে অত‌এব নাকে টিউব পরানোর চেষ্টা করা হল ; কিন্তু  .... তা ব্যর্থ হয় ; তখন অপারেশন থিয়েটারে সবার আক্কেল গুড়ুম।বাইরে থেকে সোজা হলেও ভিতরে যে ব্যাঁকা হতেই পারে , ফের প্রমাণিত। ফলে রক্তারক্তি কারবারে ডাক্তার বাবু নাকি অজ্ঞান হব হব ভাবছিলেন। কিন্তু .... ওই যে মনের ভাবকে সুপ্ত রাখার জেদ !!! হেনকালে অ্যানাসথেসিয়া দানকারী চিকিৎসকের তৎপরতায় টিউবের স্থানান্তরে রক্তপাত বন্ধ হয় আর এদিকের লোকাল গার্জেন নিজের মধ্যে ফেরত আসেন। ৩ খান দাঁত কৌটো বন্দী হয় সময় মতো। অপারেশনের পর জ্ঞান প্রাপ্ত হলাম মুখে তুলো গোঁজা ব্যান্ডেজ বাঁধা হয়ে । আমার আক্কেল তুলে কে যেন তখন এক বেয়াক্কেলে প্রশ্ন করল ‌.... "কেমন লাগছে ? " জ্ঞান টা তখন‌ও জায়গা মতন সেট হয়নি কো । তাই ঠিক ঠাওর করতে পারিনি । এমন প্রশ্নকারী কে ছিলেন !!!
আরো নিয়মের পালা মিটিয়ে ঘরে ফিরে এখন খুব সাবধানী জীবনে সাবধানে ঘুরছি।
ঘরে ফিরিয়েই তিনি স্বমহিমায় কাজের কাজি হয়ে কাজের মাঝে ঢুকে পড়েছেন। আমিও ঢুকব ঢুকব করছি।
এমনিতেই ওজনদার; তাই দুঃখের বিষয় গালের ফোলা ধরা মুশকিল বড়ো। ফোকলা হয়ে শিগগিরই ফিরছি জীবন পথের পথিক হয়ে । একখানা আক্কেল হাতে রয়েছে। বাকি দের তুলে ফের বেআক্কেলে !!!

PTM

 

PTM শব্দের সাথে পরিচয় আমাদের সকলের । তবে পরিচয়ের মাধ্যম যথারীতি আমার কন্যা রত্ন । কারণ আমাদের সময়ে নির্ভেজাল বাংলা মাধ্যম স্কুলে ওসব ছিল না , অন্য মাধ্যম,  অন্য বোর্ডের গল্প গাঁথা আমার জানা নেই । হয়তো তাদের ছিল , হয়তো ছিল না ... বলতে পারব না ।
তবে হ্যাঁ guardian call নামক একখান ব্যপার ছিল , তবে সে কচ্চিত কদাচিত খুব গর্হিত কিছু অপরাধে কোটিকে গুটিকের হোতো । সে ব্যাপারেও এত চুপচাপ ফুলে ছাপ টাইপ লুকোচুরি থাকত , সকলে জানতেও পারতাম না ।
কিছু বছর আগে থেকে বাজার গরম করে PTM এর অবতারণ হল আমার জীবনে । দু রকমের PTM হয় , আমার আসন পাকাপোক্ত। ভয়ে ভয়ে যাই , কোনবার কর্তা মশাই সাথে , কোনবার একা । তবে যুগলেই যেতে চাই ... কারণ কথা থুড়ি বকুনির ভার একা বওয়া বেশ চাপের !!!
অভিযোগ শুনে আসি ... common item ... অমনোযোগী , ভয়ানক কথা বলে , তার ফাঁক গলে পড়ার বিষয় ফুরুৎ হয়ে যাচ্ছে 🤔
Play school এ PTM এর পাট ছিল না , ভাগ্যিস !!! কিন্তু তাতে কি ? একদিন শুনলাম ( যিনি ওকে স্কুলে নিয়ে যেতেন , তার কাছে ) ... " বৌদি , আপনাকে ওদের আন্টি যেতে বলেছেন "। গেলাম ... নির্ভয়েই গেলাম,  ছোট্ট স্কুল,  আন্টিরা খুবই আন্তরিক । মিলি আন্টি বেরিয়ে এসে যা শোনালেন চক্ষুচড়কগাছ 🙄
আপনার মেয়ে একে ওকে কামড়ে দিচ্ছে 😶। অভিনব অভিযোগ হজম করতে খানিক সময় গেল  .... আমি কুকুর বেড়াল ভালবাসি , তা নিয়ে বিস্তর ঠাট্টা তামাশা হয়ে থাকে , তেনারা কামড়া কামড়িও করে থাকেন ( আমি যদিও একবার ই কামড় খেয়েছি , তাও কুখ্যাত এক পাগল বেড়ালের , সে গল্প তোমরা অনেকেই জানো , এখানেই লিপিবদ্ধ করেছিলাম ) তা বলে আমার গেঁড়িও কামড়ে দেবে ??
এ হলো গে শুরুয়াত .... বড় স্কুলে ভর্তির পর প্রতি বছরই একই রকম শুনি , ওই থোড় , বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর । তবে মধ্যে মধ্যে মশলাদার চটপটা কিছু থাকেই ... nursery ii , class teacher আতঙ্কিত মুখে একদিন বললেন ... আপনার মেয়ে 1লিখতে পারছে না , ভাবুন !!! সত্যিই ভাবনার কথা । 1 না লিখে অন্য গুলো লিখে ফেললে মুশকিল...একমেবদ্বিতীয়ং এক যদি না পারে লিখতে" 1" এর মান সম্মান থাকে ? বাড়ি এসে কাচুমাচু মুখে নিবেদন করলাম কমল মিত্র ( কিছু ক্ষেত্রে) সম পিতাজির কাছে .... উত্তর এল তুরন্ত ... " 1  কে না শিখেছে , দেখাও দেখি , ও শিখবে , অন্য গুলো আগে শিখে এগিয়েই আছে , ওটা একটু পিছিয়ে শিখে নেবে ।" ভেবে দেখলাম আমি স্কুলের ড্রিল বা যোগ ব্যায়ামে আণ্ডা গোল ছিলাম , একবার ফেলও করেছিলাম ... গার্জেন কলও হয়েছিল । ক্লাসটীচার মধুমিতাদি বলেছিলেন ... শেষে পিটিতে ডিগবাজি খেলি 🤭 ... তো সেই ব্যায়ামে ফরওয়ার্ড রোল আর ব্যাকওয়ার্ডরোলের মধ্যে দ্বিতীয়টি আগে শিখেছিলাম এবং সেটা পারতামও । প্রথমটা পারতাম না ... তো পুপেরও তাই এমন ধারা হয়তো । তবে পরে সে 1ও শিখল ... সময় নিয়ে , আমি কিন্তুক ফরওয়ার্ড রোল পারলামই না কোনদিন । একবার nursery ii এর আন্টি বললেন ... " আপনার মেয়েকে কম কথা বলা বাচ্চাদের পাশে বসালেও কিছু হচ্ছে না । উল্টে তারাও বকম বকম শুরু করে আমাদের আরো মুশকিলে ফেলে দিচ্ছে " 🙄
একবার শুনলাম মেয়ে নাকি স্কুলে আন্টির পাশে আসীন হচ্ছে । আসলে ওদের স্কুলে নাকি আন্টির পাশের চেয়ারে খুব দুষ্টু বাচ্চাদের বসানো হয় । আমার কন্যার কথামালাই তার টি আর পি ... খুব কথা বলার দরুণ ওই চেয়ারে বসার সুযোগ ঘটেছিল তার । সেটা যে একটা ছোট্ট  , মিষ্টি punishment তা সে বোঝেনি । আন্টির পাশে বসার সম্মানে তার পা মাটিতে পড়ছিল না ... হু হু সবার কি ওমন naughty chair এ বসার সুযোগ ঘটেছে ?? বাড়ি ফিরে সারা পাড়ার লোক প্রায় জড়ো করে সে তার সেই সম্মানীয় আসনের কথা জানিয়েছিল !!!
এভাবেই একে একে ওরা এগিয়ে চলেছে , গতকাল ছিল এবারের PTM ... বুঝলাম মেয়ে আমার বড় হচ্ছে , সেই সব মজার মজার দুষ্টুমী কমছে । অবাক হয়ে শুনলাম,  ওনারা বলছেন ... ও ক্লাসে মন দেয় । তবে আরো অভ্যাস জরুরি । ভয়ানক কথারা স্কুলের ক্লাস চলাকালীন মনের ভিতরেই গজ গজ করে তবে , যারা বাড়িতে আমাদের কাছে , বন্ধুদের কাছে ( সময় বুঝে ) আঁছড়ে পড়ে । কথামালার পাহাড় তো !!!
তবে একটা বিষয় বলতে হবেই  , প্রতিবছর( এ বছর আপাতত রেহাই)প্রথমে ক্লাস টীচারের যে অভিযোগ গুলো মিসাইলের মতন ধেয়ে আসে , বছর শেষে সে গুলো আসে ঠিকই,  তবে ধেয়ে না ... শ্লথ গতি বেয়ে । আর আমাদের উপাসনা তখন আন্টিকে ম্যানেজ করে আন্টির good book এ । নম্বরের হেরফের হওয়ার কথাও নয় , হয়ও না , কিন্তু আন্টিদের থেকে ভালবাসা আদায় তখন হয়ে গেছে । এমন ভালবাসা যেন ঝুলিতে ভরতেই থাকে । বাকিটা যেমন করছে , তার থেকে আরো একটু যাতে এগিয়ে যায় , তার চেষ্টার হাল তো ধরে আছি , থাকবও ।

টিকটিকির টিকি

 

ছোট্ট বেলার ছড়া বড় বেলায় এসে যখন মরমে পশে , তখন সে একখান ঘটনার ঘনঘটা বলাই যায় । আমার প্রিয় কবি সেই আবোলতাবোল খ্যাত সুকুমার রায় মহাশয় । ওই আবোলতাবোল যে মজ্জাগত হয়ে গেছে তা বেশ বুঝেছি। কারণ ঘটনাবহুল জীবনে নানা ভাবে দেখি ওই ছড়া গুলোর ছড়াছড়ি।  কানের যাতনা র সময় মনে পড়েছিল কান করে কটকট, ফোঁড়া করে টনটন .... ইত্যাদি প্রভৃতি।

এবারের ঘটনার নিবেদন :

ঘরে বোঝাই নানান পোকা মাকড়। নতুন কিছু নয় ... নতুন হল আমাদের ধৈর্য সহ্য আর সব ঝেটিয়ে দূর করার প্রবণতার কমতি । সাথে অবশ্যই আমাদের ছুটন্ত মোড দায়ী কিছুটা ।
এত বছর পোকা নিধন যজ্ঞ চলত তার গতিতে ম্যানুয়াল মোডে ... ক্ষতি নাই । কিছু বছর পেস্ট কনট্রোল দ্বারা সব কন্ট্রোল হচ্ছে দিব্বি। বাসন কোষণ  স্থানান্তরিত হতো শুরুতে । সব শেষ হলে জামা ছাড়া সবেতেই গন্ধ থাকত, তারপর গন্ধ তো নয় মন্দ হোতো । গন্ধ gone হোতো আপন নিয়মে। গন্ধের ছটফটানি চটপট থেমেও যেতো ।ইদানিং ব্যবস্থাপণা আরো আধুনিক।  তাই আগের মতন সব বাসন সরাতে হয় না .... সুবিধাই সুবিধা।
এ বছরের লিস্টিতে ঘর থেকে দূর করার জন্য স্হান পেল টিকটিকি মশাই। আমাদের অলক্ষ্যে কখনও বা লক্ষ্যে ঘরের মেঝেতে ছুটন্ত মোডে দেখতে পাই। ছাদ আর দেওয়াল ছেড়ে ভিন্ন রাজ্যে ভিড়তেই আমার পরিবারের সিনিয়র আর জুনিয়র রেগে কাই ... আমি হেলদোলহীন...ও ঘুরছে ঘুরুক ভেবে আমি শান্ত ছিলাম চুপচাপ। এরা দেখতে পেয়ে হৈচৈ করে একশা ... টিকটিকি যাতে ঘরে টিকতে না পারে তার পাকাপোক্ত ব্যবস্থাপণায় এবার আমাদের সবার ঘরে টেকা দায় হয়েছে 🙄
যে গন্ধ ঘরে যুক্ত করা হয়েছে তাতে তেনারা( টিকটিকি) এখনও ঘরেই টিকে আছেন বটে , তবে সে গন্ধে আমরা পাগল হলাম অন্য ভাবে । টিকটিকির পেছনে লাগা ঠিক নয় । এই কারণেই টিকটিকি কারোর পিছে লাগলে তার জেবন (জীবন) মিছে হয়ে যায় । গোয়েন্দাদের কেন টিকটিকি বলে নিজ্যস বুঝতে পারছি।
সে গন্ধ ঘরে নাই বটে তবে সর্বত্র একখান তিতকুটে স্বাদ নিয়ে ঘুরছি ... রাধন বাড়নেও প্রভাব আছে ফলে কালকে কষিয়ে রাঁধা মাটন এর খ্যাটন জমে নাই ... ভোগে গেছে .... ব্যায় বহুল মাটনের শোকে আমরা পাথর হয়ে গেছি ... কর্তামশাই কে বলেছি....খবরদার টিকটিকির পিছে লাগতে যাবে না 😬😬😬😬😬

(পেস্টকন্ট্রোলকারী নিদান দিয়েছেন ... সে মতন আমরা পথ  চলছি ... পূজো দেবো শিগগির।  কাকে ???? বলতে হবে ??? )
বিঃদ্র : টিকটিকায়ঃ নমঃ 🦎🦎

হাড় মুড়মুড়ি

 

বয়স বাড়ার নানা রকমের শারীরিক ও মানসিক লক্ষণ আছে । তার মধ্যে শারীরিক কিছুর ব্যাপার এবার শীতে হাড়ে হাড়ে টের পেলাম...এখনো পাচ্ছি । নানাবিধ ব্যাথায় যারপরনাই কেলান্ত হয়ে পড়েছি বটে । সে.....ই পূজোর পর পর কানের কনকনানি পর্ব শেষ হতে না হতেই ঠাণ্ডা কাল  সাথে নিয়ে এলো হাড়ে হাড়ে ব্যথার আলিঙ্গন। কি আপদ !! কি বিপদ !! বেতো রুগীর মতন সর্বাঙ্গে ব্যাথা ...  মনে পড়ল ঠাকুমার ঝুলির সেই সব রাজকন্যেদের কথা , দুষ্টু রাণীদের কথা , যাদের কিনা হাড় মুড়মুড়ি ব্যারাম ছিল । তবে সেখানে তা সারাই করতে প্রাণপাত করত রাজকুমার অথবা স্বয়ং রাজা মশাই । এখন সে রামও নেই,  সে রাজ্যও নেই । ইনি একদমই প্রবচনের রাম,নিদেন পক্ষে রামায়ন খ্যাত  শ্রী রাম চন্দ্র,  কিন্তু কদাপি রাজনৈতিক নয়কো🤫।
তো যা বলছিলাম,  মনের ব্যথা, মাথার ব্যথা, পেটের ব্যথার ও কানের ব্যথার পর নতুন সংযোজন হাড়ের ব্যথা । মাথার ব্যথার এক ধরনের কারণে সেই ছোটকালে চশমা ধারণ করতে হয়েছিল । আরো অনেক কারণ সমুদ্রে সে তার অংশের কাজ করে চলেছে , সেই  থেকে । আমার কর্তার মতে মাথা থেকে ব্যথার গতি যখন নিম্নগামী তখন তা শিগগিরই দেহ থেকে বেরিয়ে যাবে ...নামতে নামতে । এ সব কথায় বড়ই ব্যথা পাই মনে .... ।
শুরুর দিকে মাথার ব্যথার কার্যকারণ পরম্পরা শোনার পর আমার কর্তা মশাই,  হাত জোড় করে ক্ষমা চেয়ে নিজের অপারগতা স্বীকার করে নিয়েছিলেন,  বলেছেন এতো রকম বেরকম কারণের দামী মাথা ব্যথার উপশম করার ক্ষমতা তার কেন ? কারও নেই কো 😟 !!!
চোখের জ্যোতিও স্বাভাবিক নিয়ম মেনে কিঞ্চিত ক্ষতিগ্রস্ত,  তাই নাকের ওপরে চশমা না আঁটলেই অক্ষর কেন পিপিলিকার সাথে তুলনীয় .... একদম পোস্কার বুঝতে পারি ইদানিং।
কিন্তু এবার পুরো হাতে হ্যারিকেন কেস, করতেই হবে ফেস।
সামনেই জন্মদিনের হাতছানি , এরই মধ্যে বেশ ওজনদার আর বিখ্যাত মানুষ জনের হাড়ের ব্যমো হাতে এসেছে উপহার স্বরূপ। any guess ?? পারলে না তো ?? টেনিস এলবো ... আহা কি জম্পেস একখান্ নাম বলো দেখি !!! কর্তা মশাই আন্দাজ করছিলেন , তাও জুনিয়র বন্ধুর কাছে দেখিয়ে নিশ্চিত হয়ে কেমন যেন চিন্তিত হলেন , বলতে নেই,  দেখে মনের ও হাতের দুই ব্যথাই কেমন যেন কম কম লাগল সেই মাহেন্দ্রক্ষণে !!!
বিখ্যাত খেলোয়াড়দের এমন হয় বল( ball) পেটাপেটি করে , অনেক কসরত করে অর্জিত , আমার কেন হলো ক্যায়া মালুম ?? ফোন টেপাটেপি করে ??? অতএব  ফোনে মন দানকারী মহিলা মহল(?) সাবধান!! সাবধান!! সাবধান!!
দুষ্টু লোকের ধারনা অনুযায়ী ওই কাজটি খুব মন দিয়ে করে থাকি আর বাকি কাজের জন্য তিনি স্বয়ং আছেন with আম গায়ের লোক ( আম আদমি 🤫রাজনৈতিক নয়কো🙏) ।
হাতের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে আরো এক অঙ্গ  সঙ্গ দিয়েছে , কিন্তু তার কথা পরে একদিন বলব । হাতের একখান গয়নাও শিগগির হাতে আসবে , তাতেই নাকি ফল পাবো হাতে নাতে .... দেখা যাক.... দিল্লী আভি দূর হ্যায় ।।

ম্যাওবাদী

 

কদিন মনটা ভার , ভার । এক তো পাড়াতুত বান্ধবীর বাসা বদল , অন্যদিকে মাওবাদী ম্যাও আক্রমণে যত না কাতর হয়েছি , ম্যাও বিরোধীদের ম্যাও এর গুষ্টি উদ্ধারে মন ভারাক্রান্ত হয়েছে বেশি।
আমার ম্যাও প্রীতি ঐতিহাসিকও বটে , আবার খানদানিও বটে। ঘেউ প্রীতি পরে জেগেছে , আগে ভয় ছিল । যখন কসবাতে এলাম,  এখানকার তিন সারমেয় , ভয় কাটালো কিছুটা , তারপর এলো পোষ্য শুভ্র,  পাড়াতুত কাকুর হাত ধরে , বলা ভাল কোলে চড়ে । আর পাখি না পুষলেও ওদের সাথে বিস্তর গালগল্প মা যেমন করতেন , আমিও করি আর দেখাদেখি পুপে দেবীও দল ভারি করেছেন । শুধু অঙ্ক নয় , এসবেও তিনি আমার ধারা ধরে ফেলেছেন বটে !! 😇। আর আমার কাঠবিড়ালি কুট্টুসের কথা তো অনেকেই জানো ।
তো কথা হল , ম্যাও রা যে সবাই আতঙ্কবাদী , তা মোটেও নয় , এত বছর ওদের চিনি , ম্যাও বিরোধী দল খুব কড়া ভাষায় ম্যাও নিন্দা করছে , আমিও উত্তর দিতে অপারগ ছিলাম , কিন্তু আমি এর মধ্যেই দুদিন কলেজে গিয়ে  ভাল করে ছানবিন করে যা জানলাম,  তাতে নিশ্চিন্ত হলাম...ওই ম্যাও আতঙ্কবাদীই বটে । আরো জনা দুই তিনেক ওর দ্বারা আক্রান্ত হয়ে , আমারই মতন 💉💉💉💉💉 💉খেয়েছে । আমার ওর সাথে আরো 💉 একটা বেশি , কারণ দুতরফেই ভালবাসা একটু বেশি কিনা ???
আমার পোষা এক ম্যাও কে কোলে নিতে থাবা বাগিয়ে থাপ্পড় দিয়েছিল,  একবার  , কি সাহস !! আঁচড় এর অভিজ্ঞতাও আছে , কিন্তু এই অভিজ্ঞতা একদম ফেরেস (fresh)। অনেকেই  আতঙ্কিত , এই আতঙ্কবাদীর হাত ও দাঁতের কাজের ছবি দেখে !!!
তবে আমার শেষ পোষ্য ম্যাও কুটুর লেজ বেখেয়ালে পাড়িয়ে দিলেও কখনও কিচ্ছুটি করেনি , পাড়াতুত সারমেয় লালির পায়ের ওপর আমার ওজনদার কর্তা মশাই একবার বেখেয়ালে উঠে যারপর নাই লজ্জিত ও দুঃখিত হয়েছিলেন,  সে ও কিচ্ছুটি করেনি , কয়নি ... দুষ্টুলোক যদিও মশকরা করে ভেবেছে , যে শিল্পীর বর বলে ছাড়ান দিয়েছে।
তবে একটা বিষয় নিশ্চিত যে ঘেউ দরদী যারা আছেন , তারা ঘেউ দংশনের কথা বেশ দরদ দিয়ে ঘেউ এর পক্ষপাতদুষ্ট হয়েই জানাচ্ছে , কিন্তু কথা হল পশুদের মনের ভাব কিছুটা , বুঝলেও,  সবটা বোঝা মুশকিল,  মানুষের মনের ভাব , ভাষা বোঝার আশা অনেকদিন ই জলাঞ্জলি দিয়েছি , চেষ্টাই সার !!!!
আমি আবার ঘেই , মিউ সবার প্রেমে কাবু ... কাজেই একজনকে দিয়ে সবার বিচার করি কেমনে তোমরাই বলো ???

***** তবে কথা হল গিয়ে আমার এক সহকর্মী বোন , আতঙ্কবাদী ম্যাও কে সেদিন তার দাদুটাইপ বিশালাকার ছাতা দেখিয়ে ভয় দেখানোর বৃথা চেষ্টার পর , হেলদোলহীন আতঙ্কবাদী যখন হেলে দুলে টয়লেটে ঢুকেছে ... দরজা এঁটে ল্যাচ লাগিয়ে কিছুটা হলেও শাস্তি দান করে আনন্দ পেয়েছে । ও এমনিতেই ম্যাও বিরোধী ও ঘেউদরদী ।